বাংলাদেশ দুর্নীতিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল, অতীতে কোনো সরকারের সময়েই দুর্নীতি কমেনি। দুর্নীতির প্রশ্নে সবার মধ্যে এক ধরণের ঐক্য ছিল, তবে এবারের নির্বাচন দেশে একটি গুণগত পরিবর্তন নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমালোচনা করে ডা. তাহের বলেন, আমরা এখন যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি, তারা যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশ দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল। জনগণ যদি আবারও দুর্নীতি চায়, তবে তাদের ভোট দিতে পারে। আর যদি একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়তে চায়, তবে ১১ দলীয় জোটকেই বেছে নিতে হবে।
তিনি আরও বলেন, জামায়াত কখনোই দুর্নীতি, হত্যা ও নৈরাজ্যের রাজনীতি করে না এবং সমর্থনও করে না।
জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ জোটের স্থানীয় নেতৃবৃন্দ।