আন্তর্জাতিক

আমার সবচেয়ে পছন্দ ইরানের তেল দখল করা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের তেলশিল্পের নিয়ন্ত্রণ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, ইরানে তাঁর প্রধান অগ্রাধিকার হবে দেশটির তেলের নিয়ন্ত্রণ নেওয়া।

ভেনেজুয়েলার তেলশিল্পকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার সঙ্গে তুলনা করে ট্রাম্প এই পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরেন। তাঁর মতে, ইরানের তেল দখল করাই তাঁর সবচেয়ে পছন্দের বিষয় এবং যাঁরা এর বিরোধিতা করছেন, তাঁদের তিনি ‘বোকা’ বলে অভিহিত করেছেন।

 

প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত চরম আকার ধারণ করেছে। এই উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম এক মাসে ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে সোমবার ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, তেল রপ্তানির প্রধান কেন্দ্র খারগ দ্বীপ দখল করাই হতে পারে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। যদিও সেখানে হামলার ঝুঁকি এবং দীর্ঘ মেয়াদী যুদ্ধের সম্ভাবনা রয়েছে, তবুও ট্রাম্পের দাবি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং যুক্তরাষ্ট্র চাইলেই খুব সহজে এর নিয়ন্ত্রণ নিতে পারবে।

 

পরিস্থিতি মোকাবিলায় পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে ১০ হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। এর মধ্যে কয়েক হাজার মেরিন ও এয়ারবোর্ন ডিভিশনের সেনা অঞ্চলে পৌঁছেছেন অথবা পথে রয়েছেন। এই সেনারা মূলত ভূমি দখল ও নিয়ন্ত্রণে বিশেষভাবে প্রশিক্ষিত। এদিকে সংঘাতের রেশ ধরে সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত হওয়া এবং নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও ঘনীভূত করছে।

 

সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক চাপও অব্যাহত রেখেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও একটি চূড়ান্ত চুক্তির জন্য তিনি আগামী ৬ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়সীমার মধ্যে ইরান কোনো চুক্তিতে না পৌঁছালে দেশটির জ্বালানি খাতে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

সূত্র: এনবিসি নিউজ

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন