জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইকরামুল হক সাজিদের মা লিপি বেগম আবেগাপ্লুত হয়ে বক্তব্য রাখেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন শহীদ সাজিদ। অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর মা বলেন, সাজিদ বেঁচে থাকলে আজ সে-ই সেখানে উপস্থিত থাকত। একজন শহীদের মা হিসেবে তিনি সেখানে এসেছেন জানিয়ে বলেন, প্রতিদিন রাতে তিনি ছেলের একটি গেঞ্জি বুকে নিয়ে ঘুমান এবং সেটিই এখন তাঁর একমাত্র সান্ত্বনা।
কান্নাজড়িত কণ্ঠে লিপি বেগম জানান, ২০২৪ সালের আগস্টে তাঁর একমাত্র ছেলে সাজিদ শহীদ হন এবং এর এক বছর পর ২০২৫ সালের আগস্টে সাজিদের বাবাও মারা যান। স্বামী ও সন্তানকে হারিয়ে বর্তমানে শুধু মেয়েকে নিয়ে তিনি পৃথিবীতে জিন্দা লাশের মতো বেঁচে আছেন বলে আক্ষেপ প্রকাশ করেন।
এই আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া অন্যান্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল-আমিন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।
ডিবিসি/এফএইচআর