মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে নিরাপত্তা শঙ্কায় ইস্টার সানডে উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের গির্জাগুলো সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ধর্মপ্রাণ মানুষের নিরাপত্তা ও সার্বিক মঙ্গলের কথা বিবেচনা করে কর্তৃপক্ষের নির্দেশনায় উপাসকদের গির্জা প্রাঙ্গণে আসতে নিষেধ করা হয়েছে।
সেন্ট মেরিস ক্যাথলিক চার্চ, সেন্ট ফ্রান্সিস অফ আসিসি ক্যাথলিক চার্চ এবং সেন্ট থমাস অর্থোডক্স ক্যাথেড্রাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি এ নির্দেশনার কারণে গির্জাগুলো বন্ধ থাকবে এবং গুড ফ্রাইডের প্রার্থনা তাদের নিজস্ব চ্যানেলের মাধ্যমে অনলাইনে সম্প্রচারিত হবে।
বছরের অন্যতম প্রতীক্ষিত উৎসবটি সশরীরে উদযাপন করতে না পারায় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হতাশা থাকলেও তারা সরকারের সুরক্ষামূলক এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। দুবাইয়ের বাসিন্দা সান্ড্রা সাব্বাগ জানান, পবিত্র এ সপ্তাহের জন্য তারা প্রায় ৫ সপ্তাহ ধরে উপবাস পালন করেন, তাই ইস্টার সানডেতে গির্জায় যেতে না পারাটা সত্যিই হতাশার। তিনি সরকারি পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, জনগণের মঙ্গলের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ এবং দ্রুত শান্তি ফিরে আসার জন্য প্রার্থনা করেন।
লাইভস্ট্রিমের মাধ্যমে ঘরে বসে প্রার্থনায় অংশ নেওয়ার সুযোগ থাকলেও অনেকেই মনে করছেন, সশরীরে উপস্থিতির অভাবে উৎসবের আমেজ কিছুটা হলেও অসম্পূর্ণ থেকে যাচ্ছে। দুবাইয়ের আরেক বাসিন্দা র্যাচেল হেনরি জানান, প্রযুক্তির কল্যাণে ভার্চুয়ালি প্রার্থনায় যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। অনলাইনে অংশগ্রহণের অনুভূতিটা কাছাকাছি হলেও গির্জায় সশরীরে উপস্থিত হতে না পারার আক্ষেপটা সবসময়ই থেকে যায় বলে তিনি উল্লেখ করেন। তবে আক্ষেপ থাকলেও সবাই সরকারি নিয়ম মেনে চলার ওপরই সর্বোচ্চ জোর দিচ্ছেন।
এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয় ছাড়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাইয়ের শিখ গুরুদুুয়ারা, শ্রী কৃষ্ণ মন্দিরসহ বেশ কয়েকটি মন্দিরও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: আরব নিউজ
ডিবিসি/এএমটি