প্রবাসী তরুণদের অপরাধপ্রবণতা ও মাদকাসক্ততা থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইয়াং স্টার দিব্বাহ ফুটবল টুর্নামেন্ট। বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ইউএইর বিভিন্ন এলাকার একাধিক ফুটবল দল অংশগ্রহণ করে।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শাহজালাল এফসি ফুজেইরা ও মুরাব্বা এফসি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি টাইব্রেকারে গড়ায়, যেখানে ২–১ গোলে মুরাব্বা এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহজালাল এফসি। টুর্নামেন্টের উদ্বোধন করেন সিআইপি নূর খান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আমিন আলী।
খলিলুর রহমান খলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও প্রবাসী সাংবাদিক নেতৃবৃন্দ। শামিম আহমেদ ম্যান অব দ্য ম্যাচ এবং রিপন আহমেদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন, আর সেরা গোলরক্ষক হন শামীম। বক্তারা উল্লেখ করেন, প্রবাসে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করা, সুস্থ বিনোদন নিশ্চিত করা এবং কমিউনিটিতে ঐক্য বজায় রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
ডিবিসি/এমইউএ