আন্তর্জাতিক

আমিরাতে ফের ইরানের ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল হামলা!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৬টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বিবৃতিতে হামলার কথা নিশ্চিত করা হলেও, রোববারের এই নতুন হামলায় দেশটিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমিরাতের ওপর এই ধরনের হামলা অব্যাহত রয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ২৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬০৬টি ড্রোন প্রতিহত করেছে। চলমান এই সংঘাতে ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।

 

এদিকে, আরব আমিরাতের পাশাপাশি ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাতেও জোরালো হামলার দাবি করেছে ইরান। রোববার সকালে ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর 'লাহাভ ৪৩৩' এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র 'জিলাত' লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছেন ইরানের সামরিক বাহিনীর সদস্যরা।

 

তবে এই হামলায় ইসরায়েলের ঠিক কোথায় আঘাত হানা হয়েছে বা সেখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য ইরানের সামরিক বাহিনীর ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন