পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলছেন না ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। তার না খেলার কারণ নিয়ে মন্তব্য করেছেন কোচ ড্যারেন স্যামি। আর এই মন্তব্যের জেরেই একে-অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়ালেন দুজন।
জোসেফের না খেলাকে ‘প্রস্তাব প্রত্যাখ্যান’ বলেছিলেন স্যামি। তবে তার এমন মন্তব্যকে উড়িয়ে দিয়ে ‘প্রেক্ষাপটহীন ও বিতর্কিত’ বলে আখ্যা দিয়েছেন জোসেফ।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দল ঘোষণার সময় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছিল, ব্যক্তিগত কারণে দলে নেই পেসার আলজারি জোসেফ। পরে প্রধান কোচ ড্যারেন স্যামি দাবি করেন, চোট থেকে ফেরার পর দলে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এই পেসার। তবে সেই বক্তব্যের সঙ্গে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন জোসেফ।
অ্যান্টিগা অবজারভারের ‘গুড মর্নিং জোজো স্পোর্টস শো’-তে জোসেফ জানান, পাকিস্তান সিরিজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত তিনি কোচ ড্যারেন স্যামি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আলোচনা করেই নিয়েছিলেন।
জোসেফ বলেন, ‘আমার ও প্রধান কোচের মধ্যে আলোচনা হয়েছে। সিডব্লিউআইয়ের সঙ্গেও কথা হয়েছে। বোর্ডের বিবৃতিতে স্পষ্টভাবে “ব্যক্তিগত কারণ” বলা হয়েছে। স্যামি অনেক দিন ধরেই ক্রিকেটের সঙ্গে আছেন। তিনি ভালো করেই জানতেন, এমন মন্তব্য জনমনে কী ধরনের ধারণা তৈরি করবে। তাই এ বিষয়ে তার মন্তব্য নিয়ে আমার আর কিছু বলার নেই।’
তিনি জানান, দীর্ঘ ইনজুরি থেকে ফেরার পর শরীরের ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার লক্ষ্যেই সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
তার ভাষায়, ‘আমি প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলাম। দ্বিতীয়বারের মতো স্ট্রেস ফ্র্যাকচারের পর ফিরেছি। দুটি টেস্ট ও টানা পাঁচটি ওয়ানডে খেলার পর বুঝতে পারি, আমার শরীর আরেকটি টেস্ট সিরিজের জন্য প্রস্তুত নয়। প্রেক্ষাপট ছাড়া এমন মন্তব্য করাটা বিতর্কিত।’
স্যামির সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জোসেফ বলেন, পেশাদার হিসেবে ব্যক্তিগত সম্পর্ক তার কাজে কোনো প্রভাব ফেলে না।
তিনি বলেন, ‘আমি একজন পেশাদার ক্রিকেটার। আমি কাজ করতে যাই। আমি ড্যারেন স্যামির প্রতিনিধিত্ব করি না, আমি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করি। সেখানে আমি বন্ধু বানাতে যাই না, নিজের দায়িত্ব পালন করতে যাই।’