আন্তর্জাতিক, আমেরিকা

আমি থাকলে হয়তো তোমাকে বাঁচাতাম না, সাগর থেকে বেঁচে ফেরা বালককে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৮ই আগস্ট ২০২৬ ১০:২৩:২১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে উত্তাল সাগরে ডুবে প্রায় মৃত্যুর মুখে পতিত হয়েছিল দশ বছর বয়সী শিশু নাথানিয়াল রায়। সেই ভয়াবহ মুহূর্তে নিজের জীবনের তোয়াক্কা না করে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে ১৬ বছর বয়সী লাইফগার্ড রায়ডার উইলিয়ামস। সাগর প্রচণ্ড উত্তাল থাকায় উদ্ধারকারী রায়ডারের জীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। একপর্যায়ে তারা দুজনই সমুদ্রের দানবীয় ঢেউয়ের নিচে তলিয়ে যায় এবং কয়েক সেকেন্ড পর পুনরায় ভেসে ওঠে।

পরবর্তীতে অ্যারন বোহনেন নামের আরেকজন লাইফগার্ডের সহায়তায় তারা নিরাপদে তীরে ফিরে আসতে সক্ষম হয়। শ্বাসরুদ্ধকর ওই উদ্ধার অভিযানের একটি ভিডিও ধারণ করেছিলেন সেখানে উপস্থিত একজন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

 

এই বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ গত সোমবার (১৭ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ কার্যালয়ে লাইফগার্ড রায়ডার এবং প্রাণে বেঁচে ফেরা শিশু নাথানিয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রায়ডারকে ‘আসল হিরো’ হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প অকপটে স্বীকার করেন যে, তিনি নিজে ওই পরিস্থিতিতে পড়লে হয়তো নিজের জীবন বিপন্ন করে কাউকে বাঁচাতে যেতেন না। ট্রাম্প নাথানিয়ালকে উদ্দেশ্য করে বলেন, তার ভাগ্য খুব ভালো যে সেদিন সেখানে তিনি লাইফগার্ড হিসেবে উপস্থিত ছিলেন না। অন্যদিকে, সন্তানের প্রাণ বাঁচানোর জন্য রায়ডারের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাথানিয়ালের বাবা। বার্তাসংস্থা এপি-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান, রায়ডার যা করেছে, তার প্রতিদান তিনি জীবনে কখনোই দিয়ে শেষ করতে পারবেন না।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন