নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা আরও দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে আজ রবিবার (১৭ মে) ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
তাঁর আইনজীবীরা বলছেন, এই আদেশের ফলে ওই দুই মামলাসহ মোট ১২টি মামলায় আইভীর জামিন বহাল রয়েছে। ফলে এখন তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। এর আগে গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।
এই জামিন আদেশ স্থগিত চেয়ে পৃথক আবেদন করলে আজ চেম্বার আদালতের কার্যতালিকায় আবেদন দুটি শুনানির জন্য ওঠে রাষ্ট্রপক্ষ। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান ও এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় সেলিম মন্ডল ও আবদুস সালামকে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা দুটি দায়ের করা হয়। এর আগে ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার এই দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। যার মধ্যে একটিতে গত ২ মার্চ এবং অপরটিতে ১২ এপ্রিল তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
উল্লেখ্য, গত বছরের ৯ মে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে প্রথম গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাঁকে আরও ৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের ৯ নভেম্বর এবং চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পৃথক জামিন আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আইভীকে পূর্বের ১০টি মামলাতেই জামিন দিয়েছিলেন। নতুন দুটি মামলায় জামিন বহাল থাকায় তাঁর বিরুদ্ধে থাকা সবকটি মামলায় জামিন নিশ্চিত হলো।
ডিবিসি/টিবিএ