আন্তর্জাতিক, আরব

আরব আমিরাতের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ আরাগচির

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার (১৪ মে) সম্মেলনে দেওয়া এক ভাষণে তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকট যখন চরমে, ঠিক তখনই ভারতের রাজধানীতে দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।


সম্মেলনে এক নজিরবিহীন বক্তব্যে আরাগচি মার্কিন মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে লিপ্ত থাকার অভিযোগ আনেন। গত ফেব্রুয়ারি মাসে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক মঞ্চে দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি হলেন।


আরাগচি বলেন, ইরান বর্তমানে অবৈধ সম্প্রসারণবাদ ও যুদ্ধবাজ নীতির শিকার। তিনি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ও মিশরসহ ব্রিকস প্লাস জোটের দেশগুলোকে পশ্চিমা আধিপত্যবাদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতি প্রতিরোধ করার অনুরোধ জানান।


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ফলে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালিতে নৌ-চলাচল বিঘ্নিত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজারে। ভারতের মতো দেশগুলো, যারা তাদের অপরিশোধিত তেলের প্রায় অর্ধেক হরমুজ প্রণালি দিয়ে আমদানি করে, তারা গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। ওমান উপকূলে সম্প্রতি ভারতীয় পতাকাবাহী একটি জাহাজে হামলার ঘটনাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


ইরানি পররাষ্ট্রমন্ত্রী অবশ্য দাবি করেছেন যে, হরমুজ প্রণালি সকল বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, যদি তারা ইরানি নৌবাহিনীর সাথে সহযোগিতা করে।


ভারত এই সম্মেলনের আয়োজক হলেও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে দুশ্চিন্তা কাটছে না। ভারত এই বছরের শেষের দিকে ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করবে। তবে মধ্যপ্রাচ্য ইস্যু এবং সদস্য দেশগুলোর (যেমন ইরান ও আরব আমিরাত) বিপরীতমুখী অবস্থান একটি সর্বসম্মত যৌথ বিবৃতি প্রদানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।


ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উদ্বোধনী ভাষণে বলেন, আমরা আন্তর্জাতিক সম্পর্কের এক অত্যন্ত অস্থির সময়ে মিলিত হয়েছি। অন্যদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি অভিযোগ করেছেন যে, একটি সদস্য রাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য জোরাজুরি করছে, যা জোটের ঐক্যকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, ব্রিকস বিভক্ত-বিশ্বের কাছে এমন বার্তা দেওয়া মোটেও কাম্য নয়।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন