সংযুক্ত আরব আমিরাতে যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাই কনস্যুলেটে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে দূতাবাস ও কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কনসাল জেনারেল রাশেদুজ্জামানের নেতৃত্বে একটি প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।
এ সময় অস্থায়ী ও স্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ প্রবাসীরাও অংশ নেন। দুবাই কনস্যুলেটে কনসাল জেনারেলের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করা হয় এবং দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
ডিবিসি/আরএসএল