আরব সাগরে মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে।
বুধবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড (ন্যাভসেন্ট) এক বিবৃতিতে জানিয়েছে, ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ (সিভিএন-৭৭) বিমানবাহী রণতরীতে নিয়োজিত হেলিকপ্টারটির চারজন ক্রুর মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতরা বর্তমানে ওই রণতরীতে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে একজন ক্রু সদস্য এখনো নিখোঁজ রয়েছেন এবং তাকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট ওই অঞ্চলে তল্লাশি চালাচ্ছে।
ঘটনাসূত্রে জানানো হয়েছে, এই জরুরি অবতরণের পেছনে শত্রুপক্ষের কোনো হামলার সংশ্লিষ্টতা থাকার প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বর্তমানে তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির চারজন ক্রুকে নিয়ে কার্যক্রম চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
সূত্র: আনাদোলু
ডিবিসি/এফএইচআর