আর্জেন্টাইন ঘরোয়া ফুটবলের দলবদলের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে যাচ্ছে রিভার প্লেট। আতলেতিকো মাদ্রিদ থেকে ২৫ বছর বয়সী ফরোয়ার্ড থিয়াগো আলমাদাকে ২০ মিলিয়ন ইউরোয় দলে ভেড়াতে যাচ্ছে ক্লাবটি। এই চুক্তি শুধু রিভার প্লেটের নয়, আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসেই সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার হতে যাচ্ছে।
রিভার প্লেটের সঙ্গে আলমাদার সাড়ে তিন বছরের চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তিতে ১৮ মাসের জন্য আতলেতিকো মাদ্রিদের অনুকূলে ৪০ মিলিয়ন ইউরোর একটি বাই-ব্যাক ক্লজও রাখা হয়েছে।
এর আগে আর্জেন্টাইন ফুটবলের সবচেয়ে ব্যয়বহুল দলবদলের রেকর্ড ছিল ২০০৭ সালে। তখন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল থেকে হুয়ান রোমান রিকেলমেকে প্রায় ১৪ মিলিয়ন ডলারে ফিরিয়ে এনেছিল বোকা জুনিয়র্স।
বিশ্বকাপের আগেই আলমাদার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিল রিভার প্লেট। যদিও শুরুতে ইউরোপেই ক্যারিয়ার চালিয়ে যেতে চেয়েছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাকে দলে টানতে জোরালো চেষ্টা চালায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোও। তবে শেষ পর্যন্ত রিভার প্লেটের দীর্ঘমেয়াদি প্রকল্প এবং আকর্ষণীয় প্রস্তাবই আলমাদার সিদ্ধান্ত বদলে দেয়।
আলমাদার আগমনে রিভার প্লেটের বর্তমান দলে বিশ্বকাপজয়ী ফুটবলারের সংখ্যা দাঁড়াবে পাঁচে। তার সঙ্গে থাকবেন গনসালো মন্তিয়েল, মার্কোস আকুনিয়া, নিকোলাস ওতামেন্দি এবং তার ঘনিষ্ঠ বন্ধু আনহেল কোরিয়া।
ভেলেজ সার্সফিল্ডের একাডেমি থেকে উঠে আসা আলমাদা ক্লাবটির হয়ে ১০১ ম্যাচে ২৪ গোল করেন। এরপর মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডে ৮৩ ম্যাচে ২৬ গোল করে নজর কাড়েন।
পরবর্তীতে তিনি ব্রাজিলের বোতাফোগোতে যোগ দিয়ে কোপা লিবের্তাদোরেস জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর অলিম্পিক লিওঁ হয়ে আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমান। তবে ডিয়েগো সিমিওনের অধীনে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় এবার নতুন চ্যালেঞ্জ নিতে রিভার প্লেটে ফিরছেন এই আর্জেন্টাইন তারকা।
ডিবিসি/ আরএফই