মাঝমাঠে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে ম্যানচেস্টার সিটি। তিজানি রেইন্ডার্স সৌদি আরবের ক্লাব আল-কাদসিয়ায় যোগ দেওয়ার পথে থাকায় তার বিকল্প হিসেবে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে টানতে মরিয়া পেপ গার্দিওলার দল। বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে পেতে বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইংলিশ ক্লাবটি।
গত রাতে আল-কাদসিয়ায় যোগ দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন রেইন্ডার্স। তার দলবদলের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৬ কোটি ১০ লাখ ইউরো। বিভিন্ন বোনাসসহ চুক্তির মোট অঙ্ক ৭ কোটি ৫০ লাখ ইউরো পর্যন্ত উঠতে পারে। তার পরবর্তী গন্তব্য প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর বিকল্প মিডফিল্ডার খোঁজার প্রক্রিয়ায় গতি বাড়িয়েছে সিটি।
চেলসি কোচ এনজো মারেস্কার পছন্দের খেলোয়াড়দের তালিকায় ওপরের দিকেই রয়েছেন এনজো ফার্নান্দেজ। তবে বল নিয়ন্ত্রণ, পাসিং দক্ষতা ও মাঝমাঠ থেকে খেলা গড়ে তোলার সামর্থ্যের কারণে তাকে গার্দিওলার কৌশলের জন্যও আদর্শ মনে করছে ম্যানসিটি।
অবশ্য এনজোকে ছাড়তে চেলসি সহজে রাজি নয়। আগ্রহী ক্লাবগুলোকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার জন্য শুক্রবার, ১৪ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল লন্ডনের ক্লাবটি। সেই সময়সীমা শেষ হওয়ার আগমুহূর্তে বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে ম্যানসিটি।
স্কাই স্পোর্টস ইউকের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, সাবেক বেনফিকা তারকাকে পেতে চেলসিকে প্রায় ১২ কোটি ইউরো বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭০২ কোটি টাকার বেশি প্রস্তাব দিতে পারে ম্যানচেস্টারের ক্লাবটি।
২০২৩ সালে বেনফিকা থেকে প্রায় ১২ কোটি ৫০ লাখ ইউরোয় এনজোকে দলে নিয়েছিল চেলসি। ফলে ১২ কোটি ইউরোয় তাকে ছেড়ে দিলে দলবদলের মূল্যের হিসাবে ক্লাবটির বড় ধরনের লোকসান হবে না। তবে বয়স, সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলের কৌশলে তার গুরুত্ব বিবেচনায় এনজোর বিদায় চেলসির মাঝমাঠে বড় শূন্যতা তৈরি করতে পারে।
রেইন্ডার্সের সম্ভাব্য বিদায়ের পর থেকেই সিটির মাঝমাঠে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। এনজোকে ঘিরে তাদের এই সম্ভাব্য মেগা প্রস্তাব সেই ধারণাকে আরও জোরালো করেছে। এখন শেষ মুহূর্তে ম্যানসিটি আনুষ্ঠানিক প্রস্তাব দেয় কি না এবং চেলসি তাতে কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার অপেক্ষা।
ডিবিসি/ আরএফই