খেলাধুলা, ফুটবল

আর্জেন্টিনার জালে জাপানের ৮ গোল

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪৩:৩২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক অঙ্গনে জাপানের মেয়েরা কতটা শক্তিশালী তার প্রমাণ পেল আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আলবেসেলেস্তিয়ানদের নিয়ে রীতিমতো ছেলেখেলে খেলেছে জাপানি মেয়েরা।

আর্জেন্টিনার জালে দুই হালি গোল ঠুকে দিয়ে বড় জয় নিশ্চিত করেছে জাপান। আন্তর্জাতিক ফুটবলে খুব একটা শক্তিশালি দল নয় আর্জেন্টিনা। আর দুর্বল প্রতিপক্ষ পেয়ে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার ঝালটাই যেন আর্জেন্টিনার ওপর উঠাল জাপানি মেয়েরা।

দাপট দেখিয়েই ম্যাচের দ্বিতীয় মিনিটেই তানাকার গোলে এগিয়ে যায় জাপান। ৮ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হাসেগাওয়া। ম্যাচের ২৫ তম মিনিটে তাকাহাশি গোল করে জাপানকে এগিয়ে দেন ৩-০ ব্যবধানে। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হাসেগাওয়া।

প্রথমার্ধে চার গোলের লিড নিয়ে বিরতিতে যায় জাপান। বিরতি থেকে ফিরেও অব্যাহত থাকে গোলের ধারা। ৬১ মিনিটে স্কোরশিটে নাম তোলেন সেইকি। এর মিনিট পাঁচেক বাদে হিনা সুগিতার গোলে ছয় গোলে এগিয়ে যায় সূর্যোদয়ের দেশটি।

৮০ মিনিটে আবারও জাপানের স্কোরবোর্ড সমৃদ্ধ করেন রিকো উয়েকি। পেনাল্টি থেকে ম্যাচে নিজের একমাত্র গোলটি করেন তিনি। ৯২ মিনিটে দলের পক্ষে অষ্টম ও নিজের দ্বিতীয় গোল করেন সেইকি। নিজের দ্বিতীয় গোলটি করলে ৮-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানিরা।

গোটা ম্যাচে অসহায় আত্মসমর্পণ ছাড়া আর কিছু করার ছিল না আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনার গোলমুখে পুরো ম্যাচে ২৪টি শট নেয় ব্লু সামুরাইরা, যার ১৪টি অন টার্গেট। বিপরীতে আর্জেন্টিনা সাকুল্যে শট নিয়েছে দুটি, যার একটি রাখতে পেরেছে অন টার্গেট।

ডিবিসি /এইচএপি

আরও পড়ুন