আর্জেন্টিনার ফুটবল ম্যাচ উপলক্ষে 'ভুরিভোজের' নামে জোরপূর্বক চাঁদাবাজি ও সাধারণ মানুষকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করার অভিযোগে পাবনায় এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের কাছ থেকে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। এর আগে বুধবার (১৫ জুলাই) রাত সোয়া ৯টার দিকে পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর চর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খেলা শুরুর পর থেকেই এলাকার কিছু যুবক ভুরিভোজের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায় করা হতো।
একই ধারাবাহিকতায়, গত বুধবার রাতে আর্জেন্টিনার খেলা উপলক্ষে ভুড়িভোজের আয়োজনের কথা বলে জাকির হোসেন নামের এক স্থানীয় মুদি দোকানদারের কাছে চাঁদা দাবি করে অভিযুক্তরা। জাকির চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে যুবকরা তার অটোরিকশা আটকে দেয় এবং অটোরিকশার ব্যাটারি বিক্রি করে হলেও টাকা আদায়ের হুমকি দেয়। পরবর্তীতে স্থানীয়দের হস্তক্ষেপে অটোরিকশাটি ছেড়ে দিলেও, জাকিরকে 'শায়েস্তা' করতে এবং এলাকায় আতঙ্ক ছড়াতে নতুন পরিকল্পনা শুরু করে তারা।
দাবিকৃত চাঁদা না পেয়ে জাকিরসহ স্থানীয়দের ভয় দেখানোর উদ্দেশ্যে পলাতক অন্য আসামিরা একটি কালো ব্যাগে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি এনে রাতুল নামের ওই যুবকের কাছে জমা রাখে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে গেলেও রাতুলকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, খেলার নামে বা ভুরিভোজের নামে সাধারণ মানুষকে জিম্মি করে অস্ত্র প্রদর্শন কিংবা চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধ ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করছে। ঘটনার সাথে জড়িত পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজি আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবিসি/এমএনকে