ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার জয় দেখতে চান। তবে অনেক ফুটবল ভক্ত যা ভাবছেন তা নয়, তার এমন চাওয়ার পেছনে প্রধান কারণ লিওনেল মেসি নয়, বরং দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
সম্প্রতি ইসরায়েলি কমেডিয়ান বেন বারুচের উপস্থাপনায় 'দ্য মোজো পডকাস্ট'-এ অংশ নিয়ে নেতানিয়াহু তার এই পছন্দের কথা জানান। পডকাস্টে নেতানিয়াহু নিজেই বিশ্বকাপের প্রসঙ্গ টেনে বলেন যে তিনি এই আসরে আর্জেন্টিনাকে সমর্থন করেন।
উপস্থাপক যখন তাকে জিজ্ঞেস করেন এর কারণ 'মেসি' কি না, তখন তিনি তাৎক্ষণিকভাবে তা নাকচ করে দেন।
নেতানিয়াহু জানান, তিনি মূলত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের কারণেই দলটিকে সমর্থন করছেন। মিলেইকে একজন 'সুপারস্টার' আখ্যা দিয়ে তিনি বলেন, ‘মেসির চেয়েও বড় তারকা মিলেই। তিনি সত্যিই একজন সুপারস্টার, কারণ তিনি একটি মুক্ত অর্থনীতির নীতি গ্রহণ করেছেন।’
পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন মিলেই ইসরায়েলের একজন অত্যন্ত ভালো বন্ধু। দায়িত্ব নেওয়ার পর থেকেই মিলেই প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছেন।
নেতানিয়াহুর এই মন্তব্য ক্রীড়া ও রাজনীতির এক অদ্ভুত মেলবন্ধন তৈরি করেছে। যেখানে গোটা ফুটবল বিশ্ব মেসি ও আর্জেন্টিনার মাঠের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকে, সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার বিশ্বকাপ-পছন্দের কারণ হিসেবে নিছক ফুটবলের বদলে রাজনৈতিক বন্ধুত্ব ও আন্তর্জাতিক সম্পর্ককে বেছে নিলেন।
ডিবিসি/এসএস