বিশ্ব আর মাত্র কয়েক ঘণ্টা পর আরও একটি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে। চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করার ফলেই এই মহাজাগতিক ঘটনাটি ঘটবে। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে এমন ঘটনা ঘটেছিল। দুই বছর পর আবারও দিনের বেলায় নেমে আসা অন্ধকারের এই বিরল দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ।
এই রোমাঞ্চকর সূর্যগ্রহণটি সবচেয়ে ভালোভাবে দেখতে পারবেন ইউরোপের মূল ভূখণ্ডের মানুষেরা। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে কোনো পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হতে যাচ্ছে। ইউরোপ ছাড়াও স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া, পর্তুগাল এবং উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ থেকে এই দৃশ্য দেখা যাবে।
বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণটি শুরু হবে এবং এর স্থায়িত্বকাল হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। তবে বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখার ক্ষেত্রে বৃষ্টির শঙ্কা রয়েছে, যা নিয়ে মহাজাগতিক এই দৃশ্য অবলোকন করতে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা চিন্তায় পড়েছেন।
বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়ায়, তখন সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢাকা পড়ে এবং পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়। নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতিবছর সাধারণত দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা গেলেও পূর্ণ সূর্যগ্রহণের ঘটনা তুলনামূলক বিরল। প্রতি এক শতাব্দীতে গড়ে ৬৬ বার বা প্রতি দেড় বছর পরপর এ ধরনের সূর্যগ্রহণ ঘটে থাকে।
ডিবিসি/এফএইচআর