আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত বুমেরদেস উপকূলীয় শহরের কাছে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও অন্তত ৩৯ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাওদেনে হতাহতের বিষয়টি নিশ্চিত করে সতর্ক করেছেন যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে সিভিল ডিফেন্সের দল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শেয়ার করা ছবিতে বাসটিকে একপাশে উল্টে থাকতে দেখা যায়। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই আলজেরিয়ার সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা।
দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া রিয়াদ ফেরকিউই নামের এক ব্যক্তি জানান, রাস্তার একটি বিপজ্জনক বাঁকের কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। বিলাল বেনসালেম নামের অপর এক প্রত্যক্ষদর্শী সিভিল ডিফেন্স আসার আগেই কয়েকজন যাত্রীকে খাদ থেকে তুলে আনতে সাহায্য করেন। ভয়াবহ সেই দৃশ্যের বর্ণনা দিয়ে তিনি বলেন, সেখানে অনেকেই মারা গিয়েছিলেন এবং অনেকে গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছিলেন। কারও কারও হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়াসহ শরীরে মারাত্মক জখম ছিল।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবৌন। তিনি দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দুর্ঘটনার তদন্ত শেষে বিন্দুমাত্র ছাড় না দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে আলজেরিয়ার জনগণ ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
ডিবিসি/পিআরএএন