আলবেনিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে একজন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এদি রামা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার লক্ষ্যে 'দিয়েলা' নামের এই এআই-কে তার মন্ত্রিসভার সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেন।
খবর বিবিসির।
বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী রামা তার নতুন মন্ত্রিসভা ঘোষণার সময় এই প্রতীকী নিয়োগের কথা জানান। 'দিয়েলা'-কে সরকারি ক্রয় সংক্রান্ত দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যার মূল কাজ হবে সরকারি টেন্ডার প্রক্রিয়াকে শতভাগ দুর্নীতিমুক্ত করা।
প্রধানমন্ত্রী রামা বলেন, 'আমরা একটি আন্তর্জাতিক দল নিয়ে কাজ করছি যা সরকারি ক্রয়ের জন্য প্রথম পূর্ণাঙ্গ এআই মডেল তৈরি করবে। এর মাধ্যমে আমরা শুধু টেন্ডার প্রক্রিয়ায় সব ধরনের প্রভাবকেই মুছে ফেলব না, বরং পুরো প্রক্রিয়াটিকে আরও দ্রুত, দক্ষ এবং সম্পূর্ণ জবাবদিহিমূলক করে তুলব।'
'দিয়েলা', যার আলবেনীয় ভাষায় অর্থ 'সূর্য', মূলত একটি চ্যাটবট। মন্ত্রী হিসেবে "নিয়োগ" পাওয়ার আগে থেকেই সে সরকারি নথি পেতে আবেদনকারীদের সহায়তা করার জন্য একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল।
তবে এই নিয়োগটি মূলত প্রতীকী। কারণ আলবেনিয়ার সংবিধান অনুযায়ী, সরকারের মন্ত্রী হতে হলে তাকে অবশ্যই ১৮ বছরের বেশি বয়সী এবং মানসিকভাবে সুস্থ একজন নাগরিক হতে হবে।
তা সত্ত্বেও, একজন মানুষকে বাদ দিয়ে এআই-কে মন্ত্রী করার সুবিধার দিকগুলোও তুলে ধরা হচ্ছে। যেমন, 'দিয়েলা' সরকারের কোনো গোপন তথ্য ফাঁস করবে না, ক্ষমতার অপব্যবহার করবে না এবং তার নামে কোনো আর্থিক কেলেঙ্কারিরও সুযোগ নেই।
প্রধানমন্ত্রী এদি রামা গত মে মাসের নির্বাচনে চতুর্থবারের মতো জয়লাভের চার মাস পর তার নতুন মন্ত্রিসভা গঠন করলেন।
ডিবিসি/এমইউএ