খেলাধুলা, ফুটবল

আলভারেজকে দলে টানতে বার্সেলোনার চূড়ান্ত সিদ্ধান্ত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হতেই আসন্ন মৌসুমের জন্য দল গঠনে জোরেশোরে মাঠে নেমেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে তাদের প্রথম পছন্দ এখন আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। তবে এই দলবদলের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করতে নারাজ কাতালান ক্লাবটি। তাই আলভারেজকে দলে টানার জন্য জুলাই মাসের শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে তারা।

বার্সেলোনার এই পরিকল্পনা বাস্তবায়নের পথ অবশ্য খুব একটা সহজ নয়। কারণ, আলভারেজকে ছাড়ার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে তার বর্তমান ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকোর প্রধান নির্বাহী মিগেল অ্যাঞ্জেল গিল মারিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বিক্রির জন্য নন। এমনকি ১০০, ১৫০ বা ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলেও তারা সিদ্ধান্ত বদলাবে না। এই পরিস্থিতিতে বার্সেলোনা মনে করছে, আলোচনার পথ প্রশস্ত করতে হলে আলভারেজকেই ক্লাব ছাড়ার ব্যাপারে তার ইচ্ছা আরও স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। এর আগে দলবদলের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও বর্তমানে এ নিয়ে বেশ সতর্ক ও সংযত অবস্থানে রয়েছেন তিনি।

 

এদিকে বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তাও ক্লাবের আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে স্পষ্ট করেছেন যে, নির্দিষ্ট সীমার বাইরে গিয়ে কোনো প্রস্তাব দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই জুলাইয়ের শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পর আলভারেজকে নিয়ে আর সময় নষ্ট না করে বিকল্প পরিকল্পনায় এগোবে ক্লাবটি। নির্ধারিত সময়ের মধ্যে তাকে ন্যু ক্যাম্পে আনা সম্ভব না হলে বিকল্প স্ট্রাইকারের দিকে ঝুঁকবেন কোচ হানসি ফ্লিক। সম্ভাব্য বিকল্প হিসেবে ফরাসি তরুণ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপি এবং স্লোভেনিয়ার স্ট্রাইকার বেঞ্জামিন সেসকোর নাম বিবেচনা করছে কাতালান ক্লাবটি। জুলাইয়ের মধ্যে আলভারেজকে দলে ভেড়ানোটাই এখন বার্সেলোনার প্রধান অগ্রাধিকার।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন