বাংলাদেশ, জাতীয়

আলাদা কার্ড নয়, এক কার্ডেই সব সরকারি সুবিধা: প্রধানমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের সব সামাজিক ও কল্যাণমূলক সরকারি সুবিধা একক পরিচয়ের আওতায় আনতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা একটি কার্ডের মাধ্যমেই পাওয়া যাবে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেটের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।


তিনি বলেন, নাগরিকদের জন্য সরকারি সহায়তা রাষ্ট্রের দয়া নয়, বরং সাংবিধানিক দায়িত্ব। তাই ভবিষ্যতে পৃথক পৃথক কার্ডের পরিবর্তে ‘ইউনিভার্সাল কার্ড’-এর মাধ্যমে সব ধরনের সরকারি সুবিধা নিশ্চিত করা হবে।


প্রধানমন্ত্রী জানান, সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া থাকা কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এতে প্রায় ১৩ লাখ প্রান্তিক কৃষক উপকৃত হয়েছেন।


তিনি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে রাজনৈতিক ঐকমত্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রান্তিক মানুষের কল্যাণে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে।


অর্থনীতির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি নিয়ে যেতে তথ্যপ্রযুক্তি, ব্লু ইকোনমি, ইকোট্যুরিজমসহ বিভিন্ন খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।


জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির কথাও জানান প্রধানমন্ত্রী। এ উদ্যোগের মাধ্যমে ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি এবং প্রায় আড়াই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন।


বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই সনদ’ ও ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, উগ্রবাদমুক্ত ও গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন