বিবিধ

আলিয়ঁস ফ্রঁসেসে বিশেষ প্রদর্শনীতে দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসলো ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের সমসাময়িক ক্যাম্পাস বাস্তবতা ও ছাত্ররাজনীতির জটিল সামাজিক প্রেক্ষাপটকে সাহসী ও বাস্তবধর্মীভাবে তুলে ধরা আলোচিত সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ এর একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে শনিবার (৭ ফেব্রুয়ারি) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেস এর প্রদর্শনীতে চলচ্চিত্রপ্রেমী দর্শক, সমালোচক ও গণমাধ্যমকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে আলিয়ঁস ফ্রঁসেসের পরিচালক ফ্রাঁসোয়া চ্যামব্রাউড (François Chambraud), স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডি-এর সিইও মোহাম্মদ আলী হায়দার, আলোকচিত্রী এবং চলচ্চিত্র নির্মাতা আমিরুল রাজীব, কালচারাল এক্টিভিস্ট ও কুল এক্সপোজার-এর সিইও এরশাদুল হক টিংকু, চলচ্চিত্রটির নির্মাতা ও কলাকুশলীসহ গণমাধ্যম ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।

 

প্রদর্শনী শেষে দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের সঙ্গে এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। আলোচনায় সিনেমাটির বিষয়বস্তু, চরিত্র নির্মাণ, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা এবং সমসাময়িক বাংলাদেশে ছাত্ররাজনীতির পরিবর্তিত রূপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

চলচ্চিত্রটির নির্মাতা আকাশ হক বলেন, এই চলচ্চিত্রটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের গল্প নয়; এটি একটি ব্যবস্থার গল্প। যেখানে তরুণদের স্বপ্ন তৈরি করা হয়, আবার সেই স্বপ্নগুলোকে ক্ষমতার দরকষাকষির অংশ বানানো হয়। সিনেমার চরিত্রদের কোনো নাম নেই, কারণ এই সমাজে পরিচয় মানেই রাজনৈতিক অবস্থান।

 

সিনেমার নির্বাহী প্রযোজক ও পরিবেশক হাফিজউদ্দিন মুন্না বলেন, ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ শুধুমাত্র একটি চলচ্চিত্র নয় এটি একটি বাস্তবতার মুখোমুখি হওয়া অভিজ্ঞতা। সরকারি বিশ্ববিদ্যালয়ের হলকেন্দ্রিক ছাত্ররাজনীতির যে সংস্কৃতি একসময় আদর্শ ও সচেতন আন্দোলনের প্রতীক ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তা কীভাবে শিক্ষাব্যবস্থা, ব্যক্তিস্বাধীনতা ও নৈতিক দায়বদ্ধতাকে ক্ষতিগ্রস্ত করছে এই চলচ্চিত্র তার সাহসী চিত্র তুলে ধরে। ক্ষমতার দ্বন্দ্ব, ভয় এবং সুযোগসন্ধানী মানসিকতা কীভাবে শিক্ষাঙ্গনে ঢুকে পড়ে তরুণদের ভবিষ্যৎকে প্রভাবিত করে তার বাস্তব চিত্র এতে স্পষ্ট। অতি শিগগিরই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

 

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস ও মেহেদী হাসান সোহান। এছাড়াও অভিনয়ে রয়েছেন চয়ন মন্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।

 

উল্লেখ্য, ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় গত ১৬ জানুয়ারি, ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের মর্যাদাপূর্ণ পুরস্কার ফিপরেসকি (FIPRESCI Award)-এ বেস্ট ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হয় সিনেমাটি এবং দেশি-বিদেশি চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে। এর পরে গত ৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’-এ টিএসসি প্রাঙ্গণে সিনেমাটির প্রদর্শনীতে দর্শকদের উপস্থিতি ছিল গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। টিএসসি চত্বরে দর্শকদের দীর্ঘ সারি ও উপচে পড়া উপস্থিতি সিনেমাটির সামাজিক গ্রহণযোগ্যতা ও তরুণ প্রজন্মের আগ্রহের শক্ত প্রমাণ দেয়।
 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন