ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। তাঁর হুকুম পালন ছাড়া কোনো উপায় নেই।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ বইমেলার আয়োজন করেছে।
ইসলামি বইমেলার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ইসলামকে মানতে হলে কোরআন ও হাদিস সম্পর্কে জানতে ও বুঝতে হবে। এই মেলা থেকে বই কিনে আমরা কোরআন ও হাদিসের কথা জানতে পারব। ইসলামি বই থেকে আল্লাহ ও তাঁর রাসুল (সা.) কী বলেছেন, তা-ও জানতে পারব। তিনি বইমেলার সার্বিক ব্যবস্থাপনার জন্য ইসলামিক ফাউন্ডেশন, পুস্তক প্রকাশক, ক্রেতা, বিক্রেতা ও স্টল প্রদানকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
মন্ত্রী বলেন, অতীতে ইসলামিক ফাউন্ডেশনে যারা অন্যায়, অত্যাচার ও জুলুম করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অত্যাচারী, জালিম ও অবিচারকারীদের স্থান ইসলামিক ফাউন্ডেশনে হবে না। যারা ইসলামের নামে ধর্মব্যবসা করতে চায়, তাদেরকেও জায়গা দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে হেফাজত করলে বাংলাদেশের হেফাজত হবে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পাব—এ চিন্তা আমরা করিনি। এমন বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশের কথা আমরা ভাবিনি। সকল ষড়যন্ত্রের হাত থেকে প্রধানমন্ত্রীকে হেফাজতের জন্য সবার দোয়া কামনা করেন মন্ত্রী।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ধর্মসচিব মো. কামাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি ও মাওলানা শাহ নেসারুল হক উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং স্টলসমূহ ঘুরে দেখেন। মাসব্যাপী এ বইমেলায় ৬১টি স্টল রয়েছে। এ মেলায় পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ পাওয়া যাবে। ইফার স্টল থেকে ৪০% কমিশনে বই কেনা যাবে। তবে বিশেষ কিছু বইয়ে আরও বেশি কমিশন মিলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ডিবিসি/কেএলডি