অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের বিতর্কিত প্রবেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। সম্প্রতি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সার্বিক সুরক্ষায় মন্ত্রী বেন-গভির এবং একটি চরমপন্থী ইহুদি গোষ্ঠী আল-আকসা প্রাঙ্গণে ওই অনুপ্রবেশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।
এ ঘটনার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি লিখিত বিবৃতি প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে কড়া বার্তা দেওয়া হয়েছে।
বিবৃতিতে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, ‘ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় ইসরায়েলি মন্ত্রী ও তার চরমপন্থী গোষ্ঠী কর্তৃক আল-আকসা মসজিদে চালানো এ ধরনের উস্কানিমূলক অভিযানের আমরা তীব্র নিন্দা জানাই।’
বিবৃতিতে আরও বলা হয় যে, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর বিশেষ করে একচেটিয়াভাবে মুসলমানদের অধিকারভুক্ত আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি মর্যাদা লঙ্ঘন করে চলেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের এই উস্কানিমূলক কর্মকাণ্ড এবং সেখানে নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ও অমোঘ পরিস্থিতি তৈরির প্রচেষ্টা প্রতিরোধ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব।
উল্লেখ্য, ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এর আগেও একাধিকবার তীব্র পুলিশি পাহারায় এবং ধর্মান্ধ ইহুদি গোষ্ঠীগুলোকে সাথে নিয়ে অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। তার এই ধারাবাহিক উস্কানিমূলক পদক্ষেপকে আল-আকসার ঐতিহাসিক স্ট্যাটাস কো বা বিদ্যমান ব্যবস্থার স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখে আসছে ফিলিস্তিন ও মুসলিম বিশ্ব।
সূত্র: আনাদোলু
ডিবিসি/এমএনকে