আশুলিয়ায় অনুমোদনহীন ওষুধ, নকল চিকিৎসাসামগ্রী বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে একটি ফার্মেসি ও দুটি হোটেলকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ মে) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বাইপাইল এলাকার 'রাজধানী সার্জিক্যাল ফার্মেসি'-তে অভিযান চালান অধিদপ্তরের কর্মকর্তারা। তল্লাশি চলাকালে ওই ফার্মেসিতে অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধ ও নকল কনডম পাওয়া যায়। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করার পাশাপাশি দোকানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।
একই দিন বাইপাইল এলাকার 'রুপসা' ও 'খান' নামের আরও দুটি হোটেলে অভিযান পরিচালনা করেন কর্মকর্তারা। এ সময় হোটেলগুলোতে খাবারে ক্ষতিকর রঙের ব্যবহার এবং রান্না করা খাবারের সাথে একই ফ্রিজে কাঁচা মাংস সংরক্ষণের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রুপসা হোটেলকে ২০ হাজার টাকা এবং খান হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিবিসি/আরএসএল