ডিশ ও ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্ব

আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় দুই ভাই গুলিবিদ্ধ

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে এসে পৃথক স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের পায়ে গুলি লাগার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছয়তলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিপন ও ইসমাইল স্থানীয় সবুজ সরকারের ইন্টারনেট ও ডিশ ব্যবসার কর্মী বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে দুই ভাইয়ের একজন স্থানীয় একটি পোশাক কারখানার গলিতে এবং অপরজন পল্লিবিদ্যুৎ অফিসের পেছনে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে প্রথমে ইসমাইলকে গুলি করে। এরপরই পল্লিবিদ্যুৎ অফিসের পেছনে বসে থাকা শিপনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তারা পালিয়ে যায়।

 

পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে কাছের নারী ও শিশু হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত ও তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইন্টারনেট ও ডিশ ব্যবসা নিয়ে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন