বাংলাদেশ, জেলার সংবাদ

আশুলিয়ায় সাবেক মেম্বারের বাড়িতে ডাকাতি; ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামে সাবেক মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার (২৭ এপ্রিল) রাত ৩টার দিকে স্থানীয় সালাম মেম্বারের বাড়িতে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রবেশ করে নগদ টাকা ও ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত জানালার গ্রিল কেটে দোতলা বাড়িতে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় বাধা দিতে চাইলে গৃহকর্তা সালাম মেম্বারের মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দেয় ডাকাতরা। পরে তারা আলমারি ভেঙে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ আড়াই লাখ টাকা লুট করে পালিয়ে যায়।


সালাম মেম্বার জানান, ডাকাতদল চলে যাওয়ার পর তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।


ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৬-৭ জনের একটি ডাকাতদল এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন