বাংলাদেশ

আশুলিয়ায় মাদক নিয়ে দ্বন্দে ফুপাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার আশুলিয়ায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে ফয়সাল মোল্লা (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন দুই ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে। আজ (১৫ এপ্রিল) বুধবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের শ্রীখন্ডিয়া এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই এলাকার হুমায়ুন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় ফয়সালের ওপর ক্ষুব্ধ ছিল তার ফুপাতো ভাই বিপু ও মাসুদ। নিহতের বাবার দাবি, মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই পরিকল্পিতভাবে ফয়সালকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এমনকি এই ঘটনার আগে তাকে মুঠোফোনে একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল।

 

তবে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র। পুলিশ জানায়, নিহত ফয়সাল এবং অভিযুক্ত দুই ভাই বিপু ও মাসুদের বিরুদ্ধে এলাকায় মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। সেই বিরোধের জের ধরেই বুধবার বিকেলে অভিযুক্তরা ফয়সালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করা সম্ভব হলেও তার মৃত্যু নিশ্চিত হয়।

 

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বিপু ও মাসুদ পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন