জেলার সংবাদ

আসামির ছুরিকাঘাতে নিহত পুলিশের এএসআই আমিরের দাফন সম্পন্ন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৯শে জুলাই ২০২০ ০৩:৪৫:০২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলায় আসামির ছুরিকাঘাতে নিহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেনের বাড়িতে চলছে শোকের মাতম। আমির হোসেনের স্ত্রী সন্তান আর মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

ব্রাহ্মনবাড়িয়া ও বাড়িতে দুইদফা জানাজা শেষে শনিবার সন্ধ্যায় পারিবারিক কবরন্থানে দাফন করা হয়।আর হত্যার ঘটনায় স্বজনরা দ্রুত আসামীদের গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

মাত্র একমাস আগে ঢাকা থেকে ব্রাহ্মনবাড়িয়া বদলী হয়ে যান পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন। মৃত্যুর আগের দিনও কথা হয় স্ত্রী মলিনা আক্তারের সাথে। পরিবারের ঈদের কেনা কাটার জন্য টাকা পাঠাবেন। কোরবানির গরু কেনার জন্য টাকা পাঠাবেন। তবে ঈদে বাড়িতে আসবে না। ঈদের পরে বাসা ভাড়া করে স্ত্রী সন্তানকে নিয়ে আসবেন ব্রাহ্মনবাড়িয়ায়। কিন্তু সব কিছুই থমকে গেছে। স্বামী সন্তানের ছবি নিয়ে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন স্ত্রী। তার একটাই প্রশ্ন কী নিয়ে বাঁচবেন? অবুঝ দুটি সন্তানকে কিভাবে মানুষ করবেন।

নিহত আমির হোসেনের স্ত্রী মলিনা আক্তার জানান, ডিউটি  করতে গেছিলো  সন্ত্রাসীরা তাকে মেরেছে। আমার দুটি ছোট বাচ্চা আছে। আমার মতো এমন যেন কারো না হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।'

আর বুকের ধনকে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানিও যেন শুকিয়ে গেছে মায়ের। মায়ের একটাই দাবী এভাবে যেন কোন মায়ের বুক খালি না হয়। আর আপরাধীদের যেন দৃষ্ঠান্তমূলক শাস্তি হয়।

নিহত আমির হোসেনের মা বলেন,'আমার ছেলেকে যেভাবে মেরেছে সেই সব বিচার চাই। আমার বুকটা খালি করে দিসে। আমার দুইটা ছোট ছোট নাতি। তাদেরকে কে দেখবে।'

ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী। ময়মনসিংহের পুলিশ প্রশাসন বিষয়টিকে বিচ্ছিন্ন, অনাকাঙ্খিত ও দুঃখজনক উল্লেখ করে বলেন, এসব বিষয়ে পুলশেকে আরো সতর্ক হতে হবে। ময়মনসিংহ আতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন,'এটা অত্যন্ত দুঃখ জনক ঘটনা। তবে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা আরও বেশি সতর্ক থাকবো যেত এ ধরণের ঘটনা আর না ঘটে।'

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা  এএসআই মণি শঙ্কর চাকমা বাদী হয়ে গত শুক্রবার রাতে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে।

আরও পড়ুন