ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ সামরিক পরিবহন বিমান আসামের জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, শনিবার (১৩ জুন) সকালে বিমানঘাঁটির রানওয়ে চত্বরেই বিমানটি ভেঙে পড়ে এবং তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায়।
ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে বিমানবাহিনীর বিশেষ জরুরি উদ্ধারকারী ও অগ্নিনির্বাপক দল মোতায়েন করা হয়। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনার কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। বিমানঘাঁটির ভেতর থেকে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ বা যান্ত্রিক ত্রুটির বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এই ঘটনায় পাইলট বা ক্রু সদস্যদের কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানানো হয়েছে যে, পরিস্থিতি সম্পূর্ণ খতিয়ে দেখার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোভিয়েত ইউনিয়নে বিশেষভাবে ভারতের ভৌগোলিক প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি এই আন্তোনভ এএন-৩২ বিমানটিকে ভারতীয় বিমানবাহিনীর ওয়ার্কহর্স বা প্রধান চালিকাশক্তি বলা হয়। বর্তমানে ভারতের কাছে প্রায় ১০০টি এই ধরনের বিমান রয়েছে। দুর্গম পার্বত্য অঞ্চল ও চরম আবহাওয়ার মধ্যে সাড়ে ৭ টন পণ্য, ৫০ জন যাত্রী কিংবা ৪২ জন প্যারাট্রুপার নিয়ে উড্ডয়ন করতে এটি অত্যন্ত সক্ষম।
আসামে গত কয়েক মাসের মধ্যে এটি দ্বিতীয় বড় বিমান দুর্ঘটনা। এর আগে গত ৫ মার্চ জোরহাট বিমানঘাঁটি থেকেই উড্ডয়নের পর কার্বি আংলং জেলার পাহাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান ভেঙে পড়েছিল, যাতে দু'জন পাইলটের মৃত্যু হয়। সেই রেশ কাটতে না কাটতেই জোরহাটের মাটিতেই আবার এই দুর্ঘটনা ঘটল।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল