প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবী ও সংগঠক আহমদ ছফার ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালের ২৮ই জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
আহমদ ছফা চট্টগ্রামের চন্দনাইশে ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। তিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করে ষাটের দশক থেকে লেখালেখি শুরু করেন। তার প্রথম উপন্যাস ‘সূর্য তুমি সাথি’, বিখ্যাত উপন্যাস ‘ওঙ্কার’। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ ও ‘বাঙালি মুসলমানের মন’ তাঁর আলোচিত প্রবন্ধগ্রন্থ। এ ছাড়া তার উল্লেখযোগ্য কবিতার বই ‘জল্লাদ সময়’, ‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা’, ‘লেনিন ঘুমোবে এবার’ ইত্যাদি। এ ছাড়াও তিনি ছোটগল্প ও অনুবাদ গ্রন্থ লিখেছেন।
তার লেখায় মুক্তিকামী মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং সমাজের নানা অসঙ্গতি ও বৈষম্য ফুটে উঠেছে। মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখেছেন।
প্রতিষ্ঠানবিরোধী আহমদ ছফা ১৯৭৫ সালে লেখক শিবির পুরস্কার ও ১৯৯৩ সালে বাংলা একাডেমির সাদত আলী আখন্দ পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। ২০০২ সালে তাঁকে সাহিত্যে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়।