আওয়ামী লীগের ১০ টাকা কেজি চালের আশ্বাস যেমন ভুয়া ছিল, ঠিক তেমনি বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতিও মিথ্যা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছর যারা পালিয়ে ছিল, তারাই এখন চাঁদা ও মামলাবাজি করছে। ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দেন তিনি। ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন যে, একটি দল ৫৯ জন ঋণখেলাপীকে মনোনয়ন দিয়েছে।
রাজধানীর বাড্ডার ঢাকা-১১ আসনে এনসিপি নেতা ও ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সভায় নাহিদ ইসলাম আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে দেশ থেকে চিরতরে ভূমিদস্যু আর আধিপত্যবাদীদের নির্মূল করার ঘোষণা দেন।
এছাড়া খেলাফত মজলিশের আমির মামুনুল হক বলেন, যারা মানুষের আকাঙ্ক্ষার সম্মান জানাতে পারে না, এই নির্বাচনে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। জামায়াতের আমির তার বক্তব্যে নির্বাচনে জিতলে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার ঘোষণা দেন।
ডিবিসি/আরএসএল