খেলাধুলা, ফুটবল

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে জুন ২০২৬ ০৬:০৭:০৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপের ‘এল’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক ড্রয়ে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নিয়েছে আফ্রিকার দেশ ঘানা। বস্টন স্টেডিয়ামে মঙ্গলবার গোলশূন্য ড্র হওয়া ম্যাচটিতে প্রথমার্ধে বিবর্ণ ফুটবল খেলা ইংল্যান্ড বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ালেও ঘানার জমাট রক্ষণ ভাঙতে সম্পূর্ণ ব্যর্থ হয়।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ইংল্যান্ড এই ম্যাচেও বল দখলে শুরু থেকে একচেটিয়া আধিপত্য দেখায়। পুরো ম্যাচে প্রায় ৭৯ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নেয় তারা, যার মধ্যে কেবল ৩টি শট লক্ষ্যে ছিল। অন্যদিকে, প্রথম ম্যাচে পানামার বিপক্ষে ৯৫তম মিনিটের গোলে জয় পাওয়া ঘানা এ দিন দারুণ দৃঢ়তায় হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামদের আটকে রাখে। পুরো ম্যাচে ঘানার নেওয়া ২টি শটের ১টি লক্ষ্যে ছিল।

 

ম্যাচটিতে মাঠে নেমে ২২ বছর ৩৫৯ দিন বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের হয়ে ৫০তম ম্যাচ খেলার কীর্তি গড়েন জুড বেলিংহ্যাম। তিনি ভেঙে দিয়েছেন ওয়েইন রুনির (২৩ বছর ১৫৯ দিন) রেকর্ড।

 

ম্যাচের প্রথমার্ধে ডেক্লান রাইসের একটি ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যাওয়া এবং বিরতির ঠিক আগে কেইনের একটি প্রচেষ্টা প্রতিহত হওয়া ছাড়া হাতেগোনা কয়েকটি সুযোগ পায় ইংল্যান্ড। প্রথমার্ধে নেওয়া ৬টি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। বিরতির পর ৫৮তম মিনিটে অ্যান্থনি গর্ডনের দুর্বল শট সরাসরি ঘানা গোলরক্ষক বেঞ্জামিন আসারে লুফে নিলে ইংল্যান্ড ম্যাচে তাদের প্রথম অন-টার্গেট শট পায়। এরপর ৬৯তম মিনিটে কেইনের ২৫ গজ দূর থেকে নেওয়া শট সহজেই ঠেকিয়ে দেন আসারে।

 

ম্যাচের শেষ দিকে চাপ বাড়িয়ে ৮৬তম মিনিটে বুকায়ো সাকার শট দারুণ নৈপুণ্যে রুখে দেন ঘানার গোলরক্ষক। পরের মিনিটে নিকো ও’রাইলির হেড ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বল কাছ থেকে উড়িয়ে মারেন কেইন। ফলে ম্যাচ শেষে ঘানার কোচ কার্লোস কেইরস ও খেলোয়াড়দের উদযাপনেই স্পষ্ট হয়ে ওঠে যে এই ড্র তাদের কাছে জয়ের সমান।

 

এই ড্রয়ের পর দুই ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইংল্যান্ড এবং দ্বিতীয় স্থানে আছে ঘানা। এক ম্যাচ করে খেলা পানামা ও ক্রোয়েশিয়া এখনও কোনো পয়েন্ট পায়নি। গ্রুপের শেষ রাউন্ডে বাংলাদেশ সময় আগামী শনিবার রাত তিনটায় ইংল্যান্ড মুখোমুখি হবে পানামার এবং একই সময়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ঘানা।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন