সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) রাতে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। এই মহারণকে সামনে রেখে কানসাস সিটিতে প্রস্তুতি সেরে আটলান্টায় পৌঁছেছে লিওনেল স্কালোনির দল, যেখানে শুরুর একাদশে অন্তত দুটি পরিবর্তনের আভাস দিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে।
সোমবার (১৩ জুলাই) অনুশীলনে খেলোয়াড়রা মূলত হালকা ওয়ার্ম-আপ এবং ছোট পরিসরের ম্যাচ খেললেও নির্দিষ্ট কোনো একাদশ নিয়ে স্কালোনিকে কাজ করতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, আটলান্টায় ম্যাচের আগের দিনই তিনি কৌশল ও সেট-পিস নিয়ে চূড়ান্ত ছক কষবেন। এর আগে সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ জনের দলে পরিণত হওয়া প্রতিপক্ষকে হারাতে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হওয়ায় দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা হতাশা তৈরি হয়েছিল।
তবে মিশর ও সুইজারল্যান্ড ম্যাচে একই একাদশ খেলানো স্কালোনি হয়তো তার চেনা খেলোয়াড়দের ওপরই আস্থা রাখবেন, কারণ তার মতে ওই দলটি ম্যাচ নিয়ন্ত্রণ করলেও মূলত গোলমুখে ব্যর্থতা এবং রক্ষণের সামান্য ভুলই প্রধান সমস্যা ছিল। অন্যদিকে মিডফিল্ডের পারফরম্যান্সে কোচিং স্টাফরা পুরোপুরি সন্তুষ্ট না হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে কৌশলগত পরিবর্তন একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, একাদশে রদবদলের অংশ হিসেবে ডান প্রান্তে নাহুয়েল মোলিনার বদলে গনজালো মন্টিয়েল এবং মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গায় নিকোলাস গনসালেস সুযোগ পেতে পারেন।
তবে নিজের পুরোনো স্বভাব অনুযায়ী ম্যাচের আগে ড্রেসিংরুমের শেষ দলীয় বৈঠকের আগ পর্যন্ত স্কালোনি নিজের চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করতে নারাজ, ফলে সেমিফাইনালে ইংল্যান্ড বধের মিশনে আর্জেন্টিনা ঠিক কোন একাদশ নিয়ে মাঠে নামবে, তা জানতে ফুটবলপ্রেমীদের ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষাই করতে হচ্ছে।
ডিবিসি/আরপিডি