২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় ইংল্যান্ডকে হারিয়ে আরও একবার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আর এই মহাকাব্যিক জয়টি কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন বর্তমান অধিনায়ক লিওনেল মেসি। তাঁর মতে, ওপর থেকে ম্যারাডোনা এই জয় নিশ্চিতভাবেই উপভোগ করছেন এবং এটি তাঁর জন্য একটি বিশেষ উপহার।
ম্যাচ শেষে 'টিওয়াইসি স্পোর্টস'-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মেসি এই আবেগঘন কথাগুলো বলেন। সাক্ষাৎকারের সময় সাংবাদিক মাতিয়াস পেলিসিওনি মেসিকে ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার পরা সেই ঐতিহাসিক জার্সির একটি রেপ্লিকা উপহার দেন। জার্সিটি হাতে নিয়ে আবেগাপ্লুত মেসি বলেন, ‘নিঃসন্দেহে দিয়েগো ওপর থেকে এটি দারুণভাবে উপভোগ করছেন। আজকের দিনটি তাঁর জন্য খুবই বিশেষ ছিল। তাঁকে এই আনন্দটা দিতে পারাটা আমাদের জন্য দারুণ ব্যাপার। তিনি ওপর থেকে নিজের ইচ্ছামতো এটি উপভোগ করুন, কারণ এটি তাঁর জন্যও একটি উপহার।’
ডিবিসি/এসভিএন