ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বইটির ওপর একটি বিশেষ রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্কিলআপার, ইউআইইউ এবং প্রথমা ডটকমের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মূল দায়িত্বে রয়েছে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ।
প্রতিযোগিতা উপলক্ষে সম্প্রতি ঢাকার মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত ইউআইইউর নিজস্ব ক্যাম্পাসে আগ্রহী শিক্ষার্থীদের মাঝে ১০০টি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মোট ১০০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আগামী ১০ জুনের মধ্যে ৫০০ থেকে ৭০০ শব্দের মধ্যে বইটির রিভিউ জমা দিতে হবে। রিভিউগুলো বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বুথে সরাসরি অথবা ই-মেইল ও গুগল ফর্মের মাধ্যমে জমা দেওয়া যাবে।
জমা পড়া রিভিউগুলো থেকে প্রথমা ও ইউআইইউ-এর একটি যৌথ বিচারক প্যানেল সেরা তিনটি লেখা নির্বাচন করবেন। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের বিশেষ পুরস্কার ও সনদ প্রদান করা হবে। এছাড়া, সেরা রিভিউটি দেশের শীর্ষস্থানীয় দৈনিক ‘প্রথম আলো’-তে প্রকাশের সুযোগ পাবে। শীঘ্রই ক্যাম্পাসে পোস্টার, ব্যানার এবং অনলাইন গ্রুপগুলোর মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক প্রচার ও নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।
এই উদ্যোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. শেখ শফিউল ইসলাম বলেন:
"এই বইটি মুক্তিযুদ্ধে আমাদের বিদেশি বন্ধুদের, বিশেষত লেখক, গায়ক ও সাংস্কৃতিককর্মীদের অসামান্য ভূমিকা উন্মোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে বইটি। এই রিভিউ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য বাতিঘর হিসেবে কাজ করবে।"
বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিসের পরিচালক আবু সাদাত মোহাম্মদ মুস্তানসির বিল্লাহ আশা প্রকাশ করে বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।
বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের লেকচারার কাজী কামরুন নাহার তানিয়া, সুমাইয়া জাহিদ এবং লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম।