ইউক্রেনের একটি আবাসিক এলাকার কাছে অবস্থিত সামরিক অস্ত্রভাণ্ডারে রাশিয়ার ড্রোন হামলার ঘটনায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় ওই এলাকা থেকে প্রায় ৪০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার রাতের এই হামলায় অস্ত্রভাণ্ডারে রাখা শেল, মাইন ও ড্রোন বিস্ফোরিত হয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় সৃষ্ট শক্তিশালী বিস্ফোরণে আশপাশের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য তৈরি একটি কেয়ার হোমও রয়েছে। সাধারণ মানুষের বাসস্থানের এত কাছে বিস্ফোরক মজুত করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের ‘ভয়াবহ অবহেলা’ নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
স্থানীয় আঞ্চলিক প্রধান তৈমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, শনিবার বুচা জেলার ওই হামলাস্থলে জোর উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশুও রয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি আরও জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী মিলা গ্রামে থাকা একটি ‘গোলাবারুদ মজুতকেন্দ্র’ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। রুশ কর্তৃপক্ষের দাবি, ওই কেন্দ্রে দূরপাল্লার এফপি-১ এবং এফপি-২ ড্রোনের যন্ত্রাংশ ও লঞ্চ বুস্টার মজুত করা ছিল।
ডিবিসি/এসডব্লিউএন