রাশিয়ার ভ্লাদিমির অঞ্চল এবং ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত দক্ষিণ-পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর একাধিক ড্রোন হামলায় ১২ বছরের এক শিশু ও তার বাবা-মাসহ অন্তত ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) রুশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার আভেদিভ ও স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলে রাতের আঁধারে চালানো ড্রোন হামলায় নিজ অ্যাপার্টমেন্টে ওই শিশু ও তার বাবা-মা নিহত হন। অন্যদিকে, জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইয়েভজেনি বালিটস্কি জানান, ভেলিকায়া জামেনকা গ্রামের একটি স্কুলে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানলে ৫ শিশুসহ ছয়জন গুরুতর আহত হন। স্কুল ভবন থেকে শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়ার সময় এক স্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া রুশ-নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে চালানো আরেক ড্রোন হামলায় নিজ বাড়িতে পঞ্চাশোর্ধ্ব এক নারী নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন সেখানকার মস্কো-সমর্থিত গভর্নর ভ্লাদিমির সালদো।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স স্বাধীনভাবে রুশ কর্মকর্তাদের এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি। অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা পাল্টা অভিযোগ করে বলেছেন, রাশিয়া একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
ডিবিসি/এএমটি