আন্তর্জাতিক

ইউক্রেনের মাত্র ০.৮ শতাংশ জমি দখলে নিতে এক বছরে ৪ লাখ সৈন্য হারিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৩রা জানুয়ারী ২০২৬ ১১:২১:২৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৫ সালে ইউক্রেনের মাত্র ০.৮ শতাংশ ভূখণ্ড দখল করতে গিয়ে রাশিয়া তাদের ৪ লাখেরও বেশি সৈন্য (নিহত ও আহত) হারিয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফের বরাতে এই ভয়াবহ পরিসংখ্যান উঠে এসেছে। তবে বিপুল প্রাণহানির পরেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ থামানো বা শান্তি আলোচনায় বসার কোনো ইঙ্গিত দিচ্ছেন না।

গত ২৯শে ডিসেম্বর (সোমবার) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করেন, ইউক্রেন প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশ্যে তার বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে। লাভরভ দাবি করেন, কিয়েভ মস্কো থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লেক ভালদাইয়ে পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে ৯১টি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা চালায়। তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান। ঘটনার সময় পুতিন সেখানে ছিলেন কি না, তা তিনি স্পষ্ট করেননি।

 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া তাদের অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি এবং পারবেও না, কারণ এমন কোনো হামলাই ঘটেনি।

 

রাশিয়ার বিরোধী সংবাদমাধ্যম 'সোটা' এই দাবিকে ক্রেমলিনের সাজানো নাটক বলে অভিহিত করেছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে তারা জানায়, ৯১টি ড্রোন ধ্বংস করার মতো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ তারা সেই রাতে শোনেননি। এছাড়া লাভরভ ৯১টি ড্রোনের কথা বললেও, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে জানিয়েছিল যে নভগোরদ অঞ্চলে মাত্র ৪১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন