আন্তর্জাতিক

ইউক্রেনের সামরিক অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার বেসামরিক স্থাপনার ওপর হামলার কড়া জবাব দিতে ইউক্রেনের সামরিক-শিল্প কাঠামো এবং যুদ্ধ পরিচালনার সাথে যুক্ত স্থাপনাগুলোর ওপর আক্রমণ চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর কমান্ডারদের সঙ্গে আয়োজিত এক বিশেষ বৈঠকে তিনি এই ঘোষণা দেন।

 

বৈঠকে পুতিন অভিযোগ করেন, ইউক্রেন যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি আড়াল করে কাল্পনিক তথ্যের ওপর ভিত্তি করে ব্যাপক অপপ্রচারণা চালাচ্ছে। তিনি দাবি করেন, কিয়েভ প্রশাসন এবং ইউরোপের তথাকথিত শান্তিরক্ষী প্রতিনিধিদের আসল লক্ষ্য কখনোই শান্তি প্রতিষ্ঠা নয়, বরং রাশিয়ার সাথে সংঘাত জিইয়ে রাখা। ইউরোপীয় নেতাদের বিভিন্ন বিবৃতি এবং পদক্ষেপ থেকে এটি স্পষ্ট যে, তারা 'শেষ ইউক্রেনীয়টি' বেঁচে থাকা পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে বদ্ধপরিকর।

 

বক্তব্যের এক পর্যায়ে পুতিন ২০২৬ সালের ৭ই জুনের একটি যৌথ বিবৃতির প্রসঙ্গ টেনে আনেন। ওই বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন নেতা কিয়েভ সরকারের চালকবিহীন প্রযুক্তি বা ড্রোন হামলার ‘উদ্ভাবনী’ ব্যবহারের প্রশংসা করেছিলেন। এই তথাকথিত উদ্ভাবনী ব্যবহারের তীব্র সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, এর অর্থ কি রাশিয়ার বেসামরিক স্থাপনা, সাধারণ নাগরিক, শিশু বহনকারী যানবাহন এবং ছাত্রাবাসের ওপর হামলা চালানো?

 

পুতিন স্পষ্ট জানিয়ে দেন, ইউক্রেন ও তাদের মিত্ররা যেহেতু বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা বাস্তবায়ন করছে, তাই এর উপযুক্ত জবাব দিতে রাশিয়া বাধ্য। আর সেই কারণেই ইউক্রেনের সামরিক-শিল্প কাঠামোর ওপর রুশ বাহিনীর তীব্র ও সমন্বিত হামলা একটানা চালিয়ে যাওয়া হবে।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন