ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় একই পরিবারের তিন শিশু ও তাদের বাবা নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা ওই শিশুদের ৮ মাসের অন্তঃসত্ত্বা মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ চার বছরের যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা চললেও মাঠপর্যায়ে রাশিয়ার প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।
খারকিভ অঞ্চলের বোহোদুখিভ শহরে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে একটি ব্যক্তিমালিকানাধীন বাড়িতে এ হামলা চালায় রুশ বাহিনী। আঞ্চলিক প্রসিকিউটর অফিস জানায়, ড্রোন হামলায় বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয় এবং পুরো পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। নিহতদের মধ্যে দুই বছর বয়সী যমজ দুই ভাই, তাদের এক বছর বয়সী বোন এবং ৩৪ বছর বয়সী বাবা রয়েছেন।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে শিশুদের মা-কে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে বিস্ফোরণে মাথায় আঘাত, শরীরে দগ্ধ হওয়া এবং শ্রবণশক্তি হারানোর মতো গুরুতর সমস্যা নিয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, রুশ গোলাবর্ষণ থেকে বাঁচতে পরিবারটি নিরাপদ আশ্রয়ের খোঁজে ওই শহরে এসেছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। এ ঘটনায় বোহোদুখিভ শহরের মেয়র ভলোদিমির বিলি তিন দিনের শোক ঘোষণা করে বলেন, আমরা আমাদের ভবিষ্যৎকে হারিয়েছি। যে মা সন্তানদের হারিয়েছেন, কোনো প্রার্থনা দিয়েই তার হৃদয়ের ক্ষত শুকানো সম্ভব নয়।
খারকিভ ছাড়াও সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, মঙ্গলবার রাত থেকে রাশিয়া মোট ১২৯টি দূরপাল্লার ড্রোন ছুড়েছে, যার মধ্যে ১১২টি ভূপাতিত বা নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। ড্রোনগুলো জাপোরিজ্জিয়ার একটি হাসপাতাল, সুমির রেলওয়ে ডিপো এবং ডনিপ্রো ও পোলতাভাতেও আঘাত হানে।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ক্রমাগত এসব হামলা প্রমাণ করে যে রাশিয়া যুদ্ধ থামাতে প্রস্তুত নয় এবং প্রতিটি হামলা কূটনৈতিক প্রচেষ্টার আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় আবুধাবিতে দুপক্ষের বৈঠক হলেও যুদ্ধের তীব্রতা কমেনি।
জেলেনস্কির মতে, ওয়াশিংটন আগামী গ্রীষ্মের আগেই একটি সমাধান খুঁজলেও রাশিয়ার ওপর শক্তিশালী চাপ সৃষ্টি ছাড়া এই হত্যাযজ্ঞ থামানো সম্ভব নয়।
এদিকে রাশিয়ার ভলগোগ্রাদ শহরের একটি শিল্পকারখানায় ইউক্রেনীয় ড্রোন হামলায় আগুন লাগার খবর পাওয়া গেছে এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, তারা রাতভর তাদের আকাশসীমায় ১০৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি