বিবিধ, শিক্ষা

ইউনিভার্সেল মেডিকেল কলেজের এক যুগপূর্তি ও আধুনিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চিকিৎসা শিক্ষায় অনন্য ও গৌরবময় অগ্রযাত্রার এক যুগ সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সেল মেডিকেল কলেজ। মঙ্গলবার (১৯ মে) এক যুগে পদার্পণের এই ঐতিহাসিক ক্ষণটি স্মরণীয় করে রাখতে এবং এমবিবিএস ১২তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রতিষ্ঠানটিতে এক বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই সাথে, হাসপাতালের আধুনিক ও উন্নত সেবার ধারাবাহিকতায় অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সম্প্রসারিত ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (১৫ শয্যার আইসিইউ)-এর উদ্বোধন করা হয়েছে।


এই জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। মূল অনুষ্ঠানের আগে মন্ত্রী নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ফলক উন্মোচন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে এক যুগপূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল।


প্রধান অতিথি তার বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজের এক যুগের এই সাফল্যগাথাকে অভিনন্দন জানান এবং নবাগত শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের এই আধুনিকায়ন দেশের আপামর জনসাধারণের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘এমবিবিএস + হিউম্যানিটি = ডাক্তার’ স্লোগান নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ চিকিৎসা শিক্ষায় আরও বহুদূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. আশীষ কুমার চক্রবর্ত্তী এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের এক যুগের পথচলা, অর্জন এবং আধুনিক স্বাস্থ্যসেবা বিস্তারে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।


অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজের এই আধুনিক ও মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ এবং উন্নত চিকিৎসাসেবার মান আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে।


অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ও ড্যাব-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দীপু। নবাগত ১২তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থী আয়মান আক্তার ও বিদেশি শিক্ষার্থী শিফা দ্বীন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি, কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং অনুষদের সদস্য, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শান্তা জাহান এবং অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন