যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সাম্প্রতিক দিনগুলোতে স্থানীয় গণমাধ্যমে এ বিষয়ে ধারাবাহিক বার্তা দিয়ে আসছেন। তিনি জানিয়েছেন, ইরানি কর্মকর্তারা সব ফ্রন্টে যুদ্ধের একটি স্থায়ী ও আনুষ্ঠানিক সমাপ্তি চাইছেন। একইসঙ্গে এই যুদ্ধ যে আর পুনরায় শুরু হবে না, তার নিশ্চয়তাও চাইছে তেহরান।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়টি নিয়ে কোনো আপস করা হবে না। তবে যুক্তরাষ্ট্র যদি অবরোধ তুলে নেয়, সেক্ষেত্রে তেহরান প্রণালীটি পুনরায় খুলে দিতে পারে।
অন্যদিকে, পরমাণু কর্মসূচির বিষয়ে কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, দেশের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে তারা কোনো ধরনের ছাড় দেবেন না। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর এবং নিজেদের সম্পূর্ণ পরমাণু কর্মসূচি গুটিয়ে ফেলার যে দাবি যুক্তরাষ্ট্র করছে, তা জোরালোভাবে প্রত্যাখ্যান করছে তেহরান।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি