কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডে বড় জয় তুলে নিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে প্রিমিয়ার লিগের দল এভারটন এবং টটেনহ্যাম হটস্পার।
প্রেসটনের মাঠে ৪-০ ব্যবধানের সহজ জয় পেয়েছে এভারটন। দলের হয়ে প্রথম হ্যাটট্রিক তুলে নেন স্ট্রাইকার থিয়ের্নো ব্যারি। দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি নতুন সতীর্থ ব্রেনান জনসনকে দিয়ে দলের অপর গোলটিও করান তিনি। এর মাধ্যমে দীর্ঘ ৩৫ ম্যাচ পর গোলের দেখা পেলেন জনসন।
অন্যদিকে, ঘরের মাঠে চার্লটন অ্যাথলেটিককে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে টটেনহ্যাম। ক্লাবটির হয়ে অভিষেকেই বদলি নেমে গোল করেন নতুন খেলোয়াড় সাভিও। ৭১ মিনিটে মাঠে নেমে ৮২ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। রবার্তো ডি জার্বির শিষ্যদের হয়ে বাকি গোলগুলো করেন মাইকি মুর, ডমিনিক সোলাঙ্কি ও কেভিন ডানসো।
আরেক রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্ট ব্রমকে ৩-২ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। দলটির জয়ে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন হার্ভি বার্নস। অপর গোলটি করেন অভিষিক্ত বাজুমানা তোরে। ওয়েস্ট ব্রমের হয়ে দুটি গোলই করেন আইজ্যাক প্রাইস।
রাতের আরেক ম্যাচে অঘটনের শিকার হয়েছে বার্নলি। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ব্র্যাডফোর্ডের কাছে ৪-২ ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে গেছে দলটি।