ইতালিতে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন ছোট ভাই। শুধু হত্যা করেই ক্ষান্ত হননি বড় ভাই, ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের ছোট ভাইয়ের রক্তাক্ত মরদেহও দেখিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেচ শহরে এই লোমহর্ষক ঘটনা ঘটে। নিহত নয়ন ফকির (২৪) ও অভিযুক্ত হুমায়ুন ফকির (৩৫) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই হুমায়ুন ফকির প্রায় ১২ বছর আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান। সেখানে থিতু হওয়ার পর ২০২৩ সালে ছোট ভাই নয়ন ফকিরকেও নিজের কাছে নিয়ে যান তিনি। গত বৃহস্পতিবার সম্পত্তি ও পারিবারিক নানা বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হুমায়ুন ধারালো অস্ত্র দিয়ে নয়নকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পরপরই হুমায়ুন ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত পরিবারের সদস্যদের কাছে নয়নের নিথর দেহ দেখান এবং নিজে হত্যার কথা স্বীকার করেন। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ইতালির পুলিশ অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ইতালিতে পারিবারিক দ্বন্দ্বে এক ভাই অন্য ভাইকে খুন করার বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। নিহতের পরিবার আমাদের বিষয়টি অবগত করেছে। বিদেশের মাটিতে ঘটনা হওয়ায় আইনি প্রক্রিয়াগুলো সেখানে প্রচলিত নিয়মেই সম্পন্ন হবে।
বর্তমানে নিহত নয়ন ফকিরের মরদেহ ইতালির একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে শোকাতপ্ত পরিবার।
ডিবিসি/এসএফএল