ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতালির বেরগামো শহরের লেভাতে এলাকায় রেল দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
তিনি উপজেলার জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে কর্মস্থলে যাওয়ার পথে অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন শফিকুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ইতালির স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত শফিকুল ইসলাম দীর্ঘ ২৭ বছর ধরে ইতালির বেরগামো এলাকায় বসবাস করছিলেন। প্রবাসে কঠোর পরিশ্রম করে তিনি দেশে থাকা পরিবারের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করে আসছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে স্ত্রী ও চার সন্তানসহ পুরো পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
নিহতের ভাতিজা সাইফুল ইসলাম জানান, শফিকুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের জরুরি সহযোগিতা প্রয়োজন। প্রবাসে দেশের জন্য আজীবন লড়ে যাওয়া এই মানুষটির শেষ বিদায় যেন নিজ জন্মভূমিতে হয়, এটাই পরিবারের দাবি।
ডিবিসি/এসএফএল