বাংলাদেশ, জেলার সংবাদ

ইতালিতে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি, নরসিংদীর ৮ জন নিখোঁজ

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১২ই আগস্ট ২০২৩ ০৭:১৬:১৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় নরসিংদীর ৮ জন নিখোঁজ রয়েছেন। তারা প্রত্যেকেই নরসিংদী জেলার বেলাব উপজেলার বাসিন্দা।

নিখোঁজদের মধ্যে রয়েছেন বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০), একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন (২৯), কামাল হেসেন (৩৪), ভাটেরচর গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২), দুলালকান্দি গ্রামের হারুনুর রশিদের ছেলে মনির হোসেন (২২), একই এলাকার আ. মোতালিব মিয়ার ছেলে রবিউল (৩৩), টান লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া (২০) ও নিলক্ষিয়া গ্রামের আমান মিয়া (২১)।

 

স্থানীয় ও নিখোঁজদের পরিবার সূত্র  জানায়, তারা (নিখোঁজরা) সবাই ১০ থেকে ১২ লাখ টাকা চুক্তিতে দুলাল কান্দি গ্রামের লাল মিয়া ছেলে জাকির হোসেন এবং নুর কাসেমের স্ত্রী শাহিনুর (জাকিরের ফুফু) এই দুই দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন।


শুক্রবার (১১ আগস্ট) সকালে নিখোঁজদের স্বজনদের কাছে খবর আসতে থাকে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছেন তারা। স্বজনরা জানান, ৫ থেকে ৬ মাস আগে ১০/১২ লাখ টাকার চুক্তিতে ইতালির উদ্দেশ্য প্রথমে লিবিয়া নিয়ে যান তারা। বেশ কিছুদিন গেমঘরে রেখে গত বুধবার রাত ৮ ঘটিকায় ডেঙ্গিকে তুলে ইতালির পথে যাত্রা করেন তারা। ৪০ মিনিট যাওয়ার পরই ডেঙ্গিটি ডুবে যায়। জাকিরের তত্ত্বাবধানে ২০ জন থেকে ১২ জন ফিরে আসলেও এ ঘটনায় আটজন নিখোঁজ হোন।


এ বিষয়ে জানতে চাইলে বেলাব থানার অফিসার ইনচার্জ মো: তানভীর আহমেদ বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে এবং লোক মুখে শুনেছি’। এখনো কোন অভিযোগ আসেনি এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


এর আগে ২২ জুন পাশের রায়পুরা উপজেলার ১০ যুবক নিখোঁজ হওয়ার দেড় মাসের মধ্যেই আবারও এমন হৃদয় বিদায়ক ঘটনা ঘটলো।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন