ইতালির সিসিলির একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অসাধারণ মূল্যবান’ চারটি চিত্রকর্ম চুরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আলেসান্দ্রো গিউলি।
শনিবার (১৫ আগস্ট, ২০২৬) রাতে মেসিনার 'রিজিওনাল ইন্টারডিসিপ্লিনারি মিউজিয়াম' থেকে পঞ্চদশ শতকের প্রখ্যাত চিত্রশিল্পী আন্তোনেলো দা মেসিনার আঁকা 'পলিটিক অব সান গ্রেগোরিও'-এর তিনটি প্যানেল এবং 'ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা' শীর্ষক একটি ডাবল-সাইডেড প্যানেল চুরি হয়।
জাদুঘরের পরিচালক মারিসা মারকুরিও জানান, স্থানীয় সময় শনিবার রাত প্রায় ৯টা ৫০ মিনিটে এই চুরির ঘটনা ঘটে। কাঠের প্যানেলে আঁকা এই চিত্রকর্মগুলোর মধ্যে একটি সরাসরি সুরক্ষিত কাচের ডিসপ্লে কেস থেকে সরিয়ে নেওয়া হয়।
কোনো অ্যালার্ম সচল না করে চোরেরা কীভাবে ভেতরে প্রবেশ করল এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, আর্ট চোরাচালানের কালোবাজারি চক্রের ফরমায়েশে এই চুরি সংঘটিত হয়ে থাকতে পারে।
মেসিনার মেয়র ফেদেরিকো বাসিলে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এটিকে জঘন্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। ইউরোপজুড়ে জাদুঘরগুলোতে সাম্প্রতিক সময়ে একের পর এক চুরির ঘটনার ধারাবাহিকতায় এই নতুন চুরির ঘটনাটি ঘটল।
সূত্র: বিবিসি