দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (২৫ জুন) মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন থাপেলো মাসেকো। এই ঐতিহাসিক জয়ের ফলে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সরাসরি টুর্নামেন্টের ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিত করেছে আফ্রিকান দলটি।
গ্রুপ পর্বের শেষ দিনের আগে নকআউটের সমীকরণ বেশ জটিল থাকায় দু’দলই সমান তাগিদ নিয়ে মাঠে নামে। ম্যাচের শুরুতেই অবশ্য দক্ষিণ কোরিয়া আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত দেয় এবং দ্বিতীয় মিনিটেই কর্নার থেকে কিম মিন-জের একটি জোরালো হেড গোলের পথে ছিল। কিন্তু গোললাইন থেকে অসাধারণ দক্ষতায় বল ফিরিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে রক্ষা করেন ডিফেন্ডার অব্রি মোডিবা। শুরুর এই ধাক্কা সামলে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় দক্ষিণ আফ্রিকা। রেলেবোহিলে মোফোকেংকে লক্ষ্য করে লম্বা পাস ও অসউইন আপোলিসের ধারাবাহিক ক্রসে দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ ব্যস্ত হয়ে পড়ে। ম্যাচের ১৬ মিনিটে মাকগোপা ফাঁকা অবস্থায় হেডের সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন। অন্যদিকে, অধিনায়ক সন হিউং-মিন শুরুতে বেঞ্চে থাকায় দক্ষিণ কোরিয়ার আক্রমণের মূল ভরসা হয়ে ওঠা লি কাং-ইন নবম মিনিটে একটি চমৎকার সুযোগ পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি।
প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগটি আসে ৩০ মিনিটে, যখন দক্ষিণ কোরিয়ার ভুল পাস থেকে বল পেয়ে দ্রুত আক্রমণে ওঠে দক্ষিণ আফ্রিকা। মবাথার শট গোলরক্ষক কিম সেউং-গ্যু ঠেকিয়ে দিলেও ফিরতি বলে প্রায় খালি পোস্ট পেয়ে মাকগোপা অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হন, যার ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ, যেখানে থাপেলো মাসেকোর নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। গোল হজম করার পর দক্ষিণ কোরিয়া ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও আফ্রিকান দলটির সুশৃঙ্খল ও দৃঢ় রক্ষণভাগের সামনে তারা খুব একটা কার্যকর হতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলার গৌরব অর্জন করে দক্ষিণ আফ্রিকা।
ডিবিসি/এফএইচআর